পটুয়াখালীর দুমকিতে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক পরিবারের নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী এলাকায় ঘটনাটি ঘটে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের বাসিন্দা মোস্তাকিমুর রহমান হাওলাদারের (৫০) বাড়িতে সন্ধ্যার পর কোন একসময় কে বা কারা কৌশলে রান্নাঘরে রাখা খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। রাতে পরিবারের সবাই সেই খাবার খেয়ে অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ছয়
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোন একটি চক্র হয়তো ফাঁদ পেতে এ অপকর্ম করেছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো