নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরনবী।
তিনি বলেন, রাত দুইটা ৪৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- আব্দুল হকের চা দোকান, সেলিমের ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ির যন্ত্রাংশের গোডাউন এবং ইউনুছের মায়ের দোয়া স্টোর।
এছাড়া কামালের কসমেটিক্স দোকান আংশিক পুড়েছে।
ব্যবসায়ী রায়হান বলেন, রাত আড়াইটার দিকে তিনি দেখতে পান দোকানগুলোতে আগুন জ্বলছে। এসময় তিনি দ্রুত চিৎকার করে সবাইকে বিষয়টি জানান এবং স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
পাশাপাশি সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একাত্তর/আরএ