নড়াইলে নৌকাডুবি: নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই দুর্ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। এনিয়ে ওই নৌকাডুবির ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হলো। 

রোববার (১ জানুয়ারি) বেলা ১২টা ও একটার দিকে দুই জনের মরদেহ উদ্ধার করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তারা হলেন- কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে লাবু (৩২)। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধার অপর জন হলেন- খানজে শেখ (৫৫)। তিনি জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে।

এখনও যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন- কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল (২৭) ও এনামুলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম বলেন, ডুবুরি দল নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, শুক্রবার (৩০ ডিসেম্বর) নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে রাত সাড়ে আটটার দিকে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা

ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ থাকেন আরও চার জন। তাদের মধ্যে রোববারদুইজনের মৃতদেহ উদ্ধার করলো ডুবুরি দল।


একাত্তর/এসি