পঙ্গু হাসপাতালের রোগী ভাগিয়ে অপচিকিৎসা ও টাকা হাতানোর অভিযোগ

সড়ক দুর্ঘটনায় আহত এক ট্রাক চালককে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে অপচিকিৎসা ও আটকে রেখে দফায় দফায় টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার ( ৮ জানুয়ারি) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহম্মেদের আদালতে হাজির হয়ে মামলা করে ট্রাক চালক মিলন শেখ ও তার স্ত্রী ডলি আক্তার।

পরে আদালত মামলাটি তদন্তের জন্য পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মো. মনিরুজ্জামান, মুকুল মোল্লা, এমাদুল হক ও তুহিন। 

মামলার বাদি ডলি আক্তার জানান, তার স্বামী মিলন শেখ ট্রাক চালক ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার দুই পায়ের হাড় ভেঙে গেলে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কিছুদিন পর ভুয়া একটি ‘ডাক্তার চক্র’ তাদের সেখান থেকে বাগেরহাটে নিয়ে আসে।

তার দাবি, চক্রটি কম টাকায় চিকিৎসা করার নামে বাগেরহাটে একটি বাসায় জিম্মি করে দফায় দফায় কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। 

তিনি জানান, তারা তিন মাস চিকিৎসার নামে অপচিকিৎসা করে রোগীকে প্রায় পঙ্গু করে রেখে পালিয়ে যায়। পরে ওই ‘ভুয়া ডাক্তার চক্রটি’ তাদের হত্যার হুমকি দিলে রোগী নিয়ে বাগেরহাট থেকে চলে আসতে বাধ্য হন।

আরও পড়ুন: পটুয়াখালীতে ১৫ মণ জাটকাসহ আট জেলে আটক

বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ ওমান জানান, ভিকটিম মিলন শেখকে বাগেরহাটের হাড়িখালির একটি বাসায় আটকে রেখে দফায় দফায় টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর মিলন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে বিচার না পেয়ে ওই চার ভুয়া চিকিৎসকের নাম আদালতে মামলার আবেদন করেন। আশা করছি ভিকটিম ন্যায় বিচার পাবেন।


একাত্তর/এসি