বাগেরহাটে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার গভীর রাতে জেলার কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা হলেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি ও স্থানীয় ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক সুলতান আলম বালি। তারা সম্পর্কে ভাই। তারা দুই ভাই স্থানীয় সরকার প্রকৌশল এবং সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারও।
সুলতান আলম বালি জানান, মুখোশ পড়ে সশস্ত্র একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে প্রথমে তার ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে নেয়। পরে তার ভাই আজাদ বালির ঘরে গ্রিল কেটে প্রবেশ করে। সেখানেও বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন: বুয়েট ছাত্রের মৃত্যু: দুই মাস পর কারামুক্ত বুশরা
তার দাবি, ডাকাত দল তাদের দুই ভাইয়ের ঘর থেকে নগদ ১৩ লাখ টাকা এবং ৩৯ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
একাত্তর/এসি