ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত ডুম্বুর বা কুম্ভ মেলায় ঘুরতে গিয়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছেন খাগড়াছড়ির মাইসছড়ি ইউনিয়নের ১০ বন্ধু।
শুক্রবার (১৩ জানুয়ারি) অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ। ইতোমধ্যে আদালত তাদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের গ্যাসটিলা এলাকার রেজাউল করিমের ছেলে স্থানীয় দোকানদার মো. জাহাঙ্গীর আলম (২৭), মো. কালা মিয়ার ছেলে কৃষক মো. আবদুল কাদের (২৭), মো. শাহ আলমের ছেলে মো. রানা (২৪), আব্দুল কাদেরের ছেলে ব্যবসায়ী মো. মনির হোসেন (২৭), মৃত হরি সাধন দের ছেলে ব্যবসায়ী উজ্বল দে (৩২), রাজা মিয়ার ছেলে দিনমজুর মানিক হোসেন (২৪), সিরাজ মুন্সীর ছেলে মাসুদ পারভেজ রুবেল (২৯), মৃত নিদু কর্মকারের ছেলে দিনমজুর রাম প্রসাদ কর্মকার (৩৮), সাধন বড়ুয়ার ছেলে কৃষক শিবু বড়ুয়া(৩০) এবং জেলা সদরের গামারিঢালা এলাকার ইয়াকুব আলী বাহারের ছেলে মো. রুবেল (৩০)।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুনবাজার থানাধীন ডুম্বুর লেকে ডুম্বুর মেলার আয়োজন করা হয়। গোমতী নদীর উৎসমুখে বাঁধ দিয়ে ডুম্বুর লেকে প্রতি বছর দুই দিন ব্যাপী এই তীর্থ মেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে হাজার হাজার বাংলাদেশি পানছড়ির দুদুকছড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ডুম্বুর মেলায় অংশ নেন।
আরও জানা যায়, মেলা থেকে একটি গাড়িতে করে তারা রাজধানী আগরতলার দিকে যাওয়ার পথে স্থানীয় গাড়িচালকের সাথে তাদের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় তারা বাংলাদেশি জেনে স্থানীয় বিশ্রামপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ওই গাড়িচালক। পুলিশ তাদের বিশালগড় মহকুমা আদালতে তুললে আদালত ভারতে অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং দেড় হাজার রুপি করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেয় তাদের।
ত্রিপুরার বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ জানান, গ্রেপ্তারকৃতদের পাসপোর্ট ও ভিসা ছিলনা। তারা অবৈধ পথে ত্রিপুরায় ঢুকেছিল। আমরা আদালতে পেশ করলে আদালত তাদের ১৫ দিনের জেল দিয়েছে। সাজা শেষে তাদের কোন প্রক্রিয়ায় বাংলাদেশে পুশব্যাক করা যায়, তা তারা দেখবেন।
আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত
গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে তারা ডুম্বুর মেলা দেখতে বন্ধুরা মিলে ভারত যাবে। স্বজনদের ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে, এ বিষয়ে খাগড়াছড়ি প্রশাসনের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
একাত্তর/জো