পটুয়াখালীর রাঙ্গাবালীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে হারুন দফাদার (৩৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যান অন্যান্যরা। বিকেলে প্রতিবেশী হারুন দফাদার তাদের ঘরে গিয়ে ওই শিশুটির হাত-পা বেধে ধর্ষণ চেষ্টা চালান।
আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
এসময় শিশুটির মা তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করলে হারুন দৌড়ে পালিয়ে যান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে