গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার হরতকীতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
এলাকাবাসী জানায়, সকালে আজাদুল হক বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দেন। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে অন্যান্য শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কের দুই পাশে থাকা যানবাহন ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কারখানার নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে অবরোধ ও ভাঙচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
একাত্তর/জো