কক্সবাজারে নব্য জঙ্গি সংগঠনের দুইজন গ্রেপ্তার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নব্য জঙ্গি সংগঠন 'জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়। এসময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন– জঙ্গি সংগঠনটির শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী 'বোমা বিশেষজ্ঞ' বাশার। 


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন 'জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। 

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। এক পর্যায়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুল শিক্ষক নিহত

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন জানান, যার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে তিনি এই নব্য জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান। তার নেতৃত্বে বিভিন্ন স্থান থেকে তরুণদেরকে এই সংগঠনে নিযুক্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে সামরিক ও অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

কেন এই নতুন জঙ্গি সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে এসেছে তা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে