পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরের সীমানা গাইড ওয়াল নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে। ১০০ ফুট দৈর্ঘ্যের ওয়ালটি হেলে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ১০০ ফুটের গাইড ওয়াল। বর্তমানে বালু সরে গিয়ে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় তিন হাজার ফুটের ওই গাইড ওয়াল।
এদিকে এই খবর একাত্তর টেলিভিশনসহ বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমে প্রকাশের পর কর্তৃপক্ষ সেই হেলে পড়া প্রাচীর সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে হেলে পড়া ও ক্ষতিগ্রস্ত ২০০ ফুট সীমানা প্রাচীর অপসারণের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।
এর আগে একই দিন বিকেলে বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ওই গাইড ওয়ালটি খালের দিকে হেলে পড়ে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইং আজিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত সীমানা সুরক্ষা প্রাচীর অপসারণ করে নতুনভাবে নির্মাণ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পায়রা বন্দরের কোয়ার্টার সংলগ্ন উত্তর পাশের ওই সীমানা সুরক্ষা প্রাচীরটি হঠাৎ করে প্রবাহমান খালের দিকে হেলে পড়ে। বালু সরে গিয়ে ঝুঁকিতে পরে পুরো তিন হাজার ফুটের সীমানা সুরক্ষা প্রাচীর। ১১ কোটি টাকা চুক্তি মূল্যে গত বছর এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই সীমানা সুরক্ষা প্রাচীর নির্মাণ ও এলাকা উন্নয়ন কাজ শুরু করে। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর সোমরার ওই গাইড ওয়ালটি উত্তর দিকে হেলে পড়ে।
একাত্তর/আরবিএস