পটুয়াখালীর গলাচিপায় সরকারি সংরক্ষিত বন অবৈধভাবে দখল করে ফেঁসে গেলেন চরবিশ্বাস ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন। বনে অবৈধভাবে প্রবেশ করে ভূমি দখল, মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচারের অভিযোগ গত ৭ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন গলাচিপার চরআগস্তির ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার মো. আবদুল হই।
এ মামলায় রোববার উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে আদালত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাকিরসহ ৯ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদি হয়ে আদালতে একটি মামলা করেন।
আরও পড়ুন: মার্চের প্রথম সপ্তাহে আসবে আদানির বিদ্যুৎ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
মামলায় দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধার (৫০) নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
একাত্তর/আরবিএস