জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার তিন

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। 

বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার সিদ্দিক আলী শাহ, তার মেয়ে সেলিনা আক্তার রুপালি ও একই এলাকার কুখ্যাত মাদক কারবারি মোশাররফ হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন।

বুধবার বিকেলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। ধরাও পড়েছিল তারা কয়েকবার। পরে তারা কৌশল বদলে টেকনাফ থেকে সমুদ্রপথে আবার কখনো সোনা মসজিদ ও হিলি স্থল বন্দর দিয়ে ইয়াবা পাচার করতো।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার কুখ্যাত মাদক কারবারি মোশাররফ হোসেনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এমন গোপন তথ্য আসে র‌্যাবের কাছে। 

আরও পড়ুন: কালুখালী উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

বুধবার ভোরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় ৯২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করলেও মোশাররফ অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


একাত্তর/এসজে