গাজীপুরের শ্রীপুরে মা ও পাঁচ বছর বয়সী শিশু হত্যার প্রায় এক মাস পর হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে ধর্ষণের চেষ্টা করার সময় তার ছেলে ঘুম থেকে জেগে যাওয়ায় ওই শিশুকে হত্যা করা হয়। পরে এই হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার জন্য মাকেও হত্যা করে ওই ব্যক্তি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন।
জানা গেছে, গ্রেপ্তার রহমত আলী পেশায় একজন রংমিস্ত্রি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঝিনাইদহ জেলার মহেশখালীর ভারত সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে৷
নিহতরা হলেন মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (২২) ও তাদের ছেলে জিহাদ (৪)।
পুলিশ সুপার জানান, গত ৭ জানুয়ারি তালাবদ্ধ ঘর থেকে রুবিনা আক্তার ও তার ছেলে জিহাদের মরদেহ উদ্ধারের পর পুলিশ হত্যার রহস্য উদঘাটনের কাজ শুরু করে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাক্টরচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, রুবিনাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন রহমত আলী। তখন ঘুমন্ত শিশু জিহাদ জেগে যাওয়ায় তাকে গলা টিপে হত্যা করেন তিনি। পরে এই হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার জন্য রুবিনাকেও হত্যা করেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।
একাত্তর/এসজে