সুন্দরবনে বাঘের হামলায় আহত এক জেলে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরই মধ্যে শেষ হয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়া।
ওই জেলের নাম অনুকূল গাইন (৪২)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।
এদিকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জেলে পরিবারে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগে গত ২৭ জানুয়ারি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে তিনি বাঘের হামলায় আহত হয়েছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শহিদুল ইসলাম হাওলাদার জানান, অনুকূলের চিকিৎসার জন্য বন বিভাগ থেকে তাৎক্ষনিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারিভাবে তার পরিবারকে এক থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কেউ অবৈধভাবে বনে গিয়ে বাঘের হামলার শিকার হলে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।
তিনি জানান, গত ১০ মাসে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় তিন জনের ওপর বাঘ হামলা চালিয়েছে। তাদের মধ্যে একজন মারা গেলেও অপর দুইজন হামলায় ক্ষত নিয়ে বেঁচে আছেন। সম্প্রতি সুন্দরবনে জেলেদের ওপর বাঘের হামলার ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বন ছেড়ে বাঘ লোকালয়ে আসার ঘটনাও।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার সেই মর্টার শেল নিরাপদে বিস্ফোরণ
বিভিন্ন সূত্র জানিয়েছে, এনিয়ে ২০ বছরে জীবিকার সন্ধানে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা, মোড়েলগঞ্জ এবং মোংলা উপজেলার কমপক্ষে ৫০ জেলে ও বাওয়ালি এবং মৌয়াল বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন। বাঘের হামলায় কেউ চোখ হারিয়েছেন আবার কেউ হয়েছেন ক্ষতবিক্ষত। এসব জেলে-বাওয়ালী ও মৌয়ালরা এখন মানবেতর জীবন যাপন করছেন।
একাত্তর/এসি