বাগেরহাটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরে পদযাত্রা বের করলে পুলিশের বাধার মুখে পড়ে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচি শেষে নেতাকর্মীরা ফিরে গেলে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের ২৫ নেতাকর্মীকে পুলিশ আটক করে।
তবে বিএনপির দাবি, আটকের সংখ্যা ৪০ জনের বেশি।
পুলিশ বলছে, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টা চলছিল- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে।
জানা গেছে, আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও শাহেদ আলী রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
এদিকে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ড. ওবায়দুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে এবং বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ৪০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করে। সারা দেশে পদযাত্রায় বাধা এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরে প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় এবিএম ড. ওবায়দুল ইসলাম।
সংবাদ সম্মেলন থেকে আটক বিএনপির সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়।
আরও পড়ুন: গলাচিপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ২০-২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো