দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে৷ শুক্রবার (৩ মার্চ) সকালে নিহতদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আনা হয় চারজনের মরদেহ।
গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ছয় বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল।
এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪৫), তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক মিলন (৩৮)। নিহত ব্যক্তিদের সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়।
শুক্রবার সকাল ৯টায় দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মোহাম্মদ রাজুর জানাজা করিমুল্লাহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। একই উপজেলার জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মো. মোস্তফা কামালের জানাজা নিয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার ইসমাইলের মরদেহ সকাল দশটায় বাড়ীর সামনে জানাজা শেষে দাফন করা হয়। এছাড়াও সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেনের মরদেহ দাফন করা হলেও ১০ বছরের শিশু নাদিমের মরদেহ দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে।
একাত্তর/এসজে