নওগাঁর রাণীনগরে আগুন লেগে সাতটি মাটির দোতালা ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে। এ সময় অগ্নিকান্ডের অতিরিক্ত ধোঁয়ায় শাপিন প্রামানিক (৩৫) নামের ওই বাড়ির এক যুবক নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাপিন ওই গ্রামের আফছার আলীর ছেলে।
ঘটনার খবর পেয়ে রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সোমবার সকালে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাণীনগর থানার ওসি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেনের কর্মচারীর মৃত্যু
নিহত শাপিনের বড় ভাই সেকেন্দার আলী জানান, রোববার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই রাত আনুমানিক সোয়া একটায় বাড়িতে আগুন জ্বলতে দেখি। আমাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। এরপর তারাও আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তিনটি ইউনিট মিলে প্রায় দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষনে সাত ভাইয়ের সাতটি মাটির দোতালা বাড়ি, আসবাবপত্র, ধান, চাল, সরিষাসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এরপর ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।
কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারেননি সেকেন্দার আলী।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি থেকে আরও দুটি ইউনিটের সহযোগিতা নিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় শাপিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে শাপিন অতিরিক্ত ধোঁয়ায় মারা গেছেন। এছাড়া আগুনে সাত বাড়ির সমস্ত মালামাল এবং তিনটি খড়ের পালা ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ততক্ষনাৎ কিছু নগদ অর্থ, বস্ত্র, চাল-ডাল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থদের বাড়ি নির্মাণ ও পূর্ণবাসনে সার্বিক সহায়তা করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আগুনে নিহতের ঘটনায় শাপিনের স্ত্রী বাদি হয়ে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
একাত্তর/এআর