নারীর ক্ষমতায়নে নীলফামারীতে বালিকাদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বালিকাদের ওই র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এর আগে শহীদ মিনার চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় বালিকাদের ওই সাইকেল র্যালির আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র।
‘আমরা নেমেছি পথে নারী নির্যাতনের বিরুদ্ধে, আসুন সবাই শপথ করি নারী নির্যাতন বন্ধ করি, গড়তে হবে দেশের রত্ন-নিতে হবে মেয়ে শিশুর যত্ন’ এমনও নানা শ্লোগানের ফেস্টুন নিজ নিজ সাইকেলে ঝুলিয়ে র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক বালিকা।
বর্ণাঢ্য ওই র্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ -শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডিশ দাতা সংস্থার এশিয়া রিজিওনাল ডিরেক্টর মিস্টার ক্রিস্টার গুনার অ্যাডলফসন, টিম মেম্বার বারব্রো ক্যাটারিনা, বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর খোদেজা সুলতানা, কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার মাজাহারুল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।
আরও পড়ুন: ট্রাক্টর চাপায় নারী পথচারী নিহত
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
একাত্তর/আরএ