স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন বড় সহায়ক হবে: প্রতিমন্ত্রী

টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ট্যুরিজম বড় সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পর্যটন স্পট সোনারচর ঘুরে চরহেয়ার পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাশে অনেক দেশ থাকলেও বৈচিত্র আমাদেরই বেশি। কিন্তু পাশের দেশগুলো ট্যুরিজম থেকে অনেক আয় করছে। অথচ প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের দেশ এগিয়ে। 

পর্যটন শিল্প উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে জানিয়ে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজমে জিডিপিতে অংশীদারিত্ব থাকবে। ওয়ার্ল্ড জিডিটিতে যে শতকরা ১০ শতাংশ আছে, আমাদের প্রত্যাশা থাকবে ১০ শতাংশেরও বেশি হবে এই দেশে। চীন-ভারতসহ আমাদের পাশের দেশগুলো থেকে অনেক পর্যটক আসবে এখানে। ভিসা পদ্ধতি কীভাবে সহজ করা যায় সেই সুপারিশ থাকবে মাস্টারপ্লানে। শিগগিরই মাস্টারপ্লান চূড়ান্ত হবে।  

নদী ও সাগর বেষ্টিত রাঙ্গাবালীর পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মো. মাহবুব আলী বলেন, অনেক সুন্দর দ্বীপ এখানে। শান্ত এবং সুনিবিড়। এখানে একটি সুনীল অর্থনীতির সম্ভাবনা। বিশ্বে এটার গুরুত্ব আছে। আমাদের সরকারও এটার ওপর গুরুত্ব দিয়েছে। এখানে পর্যটক আসার ক্ষেত্রে যে সেবাগুলো দেওয়া প্রয়োজন সেগুলোর প্রস্তুতির জন্যই আমাদের এখানে আসা। এখানে অবকাঠামো তৈরি করা হবে। ইকো ট্যুরিজমকে মেনে প্রকৃতি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেভাবেই আমরা অবকাঠামো তৈরি করবো।  

আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাঙ্গাবালীর পর্যটন স্পট পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসাইন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিবলুল আজম কোরেশী  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. মহিউদ্দিন আল হেলাল প্রমুখ। 


একাত্তর/এসি