বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় ট্রাক্টরে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রোববার (১৩ জুন) ভোর রাত ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারে কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরে আগুন ধরে গেলে অনেকক্ষণ সেতুর উত্তরবঙ্গ-গামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম নিলু (৩৪)। এরা দু’জনই ব্লক সেটিংয়ে কাজ করা শ্রমিক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গ-গামী লেনে শ্যামলী পরিবহণের একটি বাস মাটিবাহী একটি ট্রাক্টরকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে আগুন ধরে যায়। ট্রাক্টরের পেছনে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে মজনু ও নজরুল ইসলাম নামের দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
একাত্তর/আরএ