নাটোরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, একজন আহত

নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা ছোট ভাইও।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১১টায় উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারের ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত হেলাল সরদার (৩৮) খামার নাচকৈড় মহল্লার মৃত সাখাওয়াত সরদারের ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই শিশির সরদার (২৩)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁচকৈড় হাটের ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হেলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং শিশিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: কুয়াকাটায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, ঘটনাস্থল থেকে চাঁচকৈড় বাজার এলাকার জিল্লুর জমাদারের ছেলে মো. তোহা জমাদার (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোরে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো