গজারিয়ায় তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিনটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দুই কারখানা মালিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বালুয়াকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি চুনা কারখানা, একটি সীসা গলানোর কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয় এবং কারখানার মালিক পক্ষের ইয়ার হোসেন ও সোহেল মিয়া নামে দুই জনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম। 

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা, ঢালাই কারখানা ও সীসা গলানোর কারখানার কাজ চালিয়ে আসছিলেন তারা। এতে প্রতিবছর সরকারের প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছিলো। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগের সঙ্গে জড়িত মালিক পক্ষের দুই জনকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়। 

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় খুঁটি উপড়ে পড়ে ফল বিক্রেতার মৃত্যু

এছাড়াও অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের ও কারখানার মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো