অটোচালকদের সাথে সংঘর্ষে দুই ট্রাফিক পুলিশ আহত

মাগুরা শহরের ভায়না মোড়ে ট্রাফিক পুলিশ ও অটোরিকশা চালকদের সংঘর্ষে দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এসময় একটি অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে কলেজ রোডে সিদ্দিকিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন দুই সহোদর মাসুম (২২) ও ইলিয়াস (২০) এবং শফিউল্লাহ (৪০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিদ্দিকিয়া মাদরাসার সামনে ট্রাফিক পুলিশের সদস্য নাজমুল হোসেন একটি অটোরিকশার গতি রোধের চেষ্টা করেন। এসময় অটোরিকশা চালক নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নাজমুল হাতে থাকা লাঠি দিয়ে গ্লাসে আঘাত করেন। এতে অটোরিকশার কাঁচ ভেঙ্গে যায়। 

এরপর চালক, যাত্রী ও উপস্থিত অনেকে উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যদের উপর চড়াও হন। এতে নাজমুল হোসেন ও আরও এক পুলিশ সদস্য আহত হন।  

আরও পড়ুন: রূপগঞ্জে ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

এ ঘটনার কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। 

এ বিষয়ে মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশিষ কর্মকার বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে