১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি মিয়াকে আত্মগোপনে থাকার ১৫ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানার স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মিয়া ২০০৮ সালে ফেনসিডিলসহ ঢাকার খিলগাঁও থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু হওয়ার পর থেকেই আসামি রনি মিয়া আত্নগোপনে চলে যান। রনি মিয়ার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। গ্রেপ্তার এড়াতে রনি মিয়া দেশের বিভিন্ন এলাকায় নাম ও বেশ পরিবর্তন করে আত্নগোপনে ছিলেন। 

আরও পড়ুন: এবার ঈদে ট্রেনের আগাম টিকেট শতভাগ অনলাইনে

র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে র‌্যাব সদস্যরা রনি মিয়াকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


একাত্তর/আরবিএস