ভোলার শহরের জামিরালতা এলাকার একটি তুলার গুদামে আগুন লেগে গুদামঘরসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়ার জামিরালতা এলাকার রাঁড়ী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. ইব্রাহীম ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের আবুল বারেকের ছেলে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকার মো. আলী হোসেনের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর পুড়ে যায়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন ইব্রাহীম। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই বঙ্গবাজার
তিনি আরও জানান, খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি।
একাত্তর/এসজে