নরসিংদীতে রেলের ধাক্কায় এক প্রকৌশলীর নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেল স্টেশনের সামনে চামরাব এলাকার একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাম মো. খোরশেদ আলম (৪৬)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মো. সাদেক আলীর ছেলে। খোরশেদ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাত নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এবং সেখানে একটি কোয়াটারে পরিবার নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামরাব এলাকার রেলক্রসিংয়ের সামনে এসে পৌঁছান।
গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে বাঁশ দিয়ে রেলক্রসিংটি আটকে দেই। এরপর খোরশেদ আলম সেটির নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে রেললাইনে প্রবেশ করেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আসার আগেই মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একাত্তর/এসি