গাজীপুরের শ্রীপুরে এক নারীকে শ্বাসরোধ ও মসলা বাটার পুতা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী।
বুধবার (১২ এপ্রিল) সকালে শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তাসলিমা আক্তার (৩০) নেত্রকোনা জেলার সদর থানার গাবরাগাড়ি ইউনিয়নের পাটালি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে। অভিযুক্ত আল আমিনের (৩৪) বাড়ি কুমিল্লার বুড়িচং থানার বড়বাড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছয় বছর আগে তসলিমার সাথে আল আমিনের বিয়ে হয়। পরে জীবিকার তাগিদে গাজীপুরে শ্রীপুরে বাসা ভাড়া নিয়ে কাজ করতেন তারা। তাদের মধ্যে প্রায়সময়ই নানা বিষয়ে কথা কাটাকাটি হতো।
বুধবার সকালে আল আমিন তার ভাইকে ফোন করে তাসলিমার অসুস্থতার কথা জানান। তাৎক্ষণিকভাবে রুমের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে তাসলিমার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: কক্সবাজারে অস্ত্র ব্যবসায়ী চক্রের তিন সদস্য আটক
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
একাত্তর/এসজে