বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রায় অংশ নিতে সকাল সাড়ে ৭টা থেকে পাহাড়ি ১১টি সম্প্রদায়ের নানা বয়সী মানুষ নিজস্ব ঐতিহ্যবাহী নতুন নতুন পোশাক পরে বান্দরবান রাজার মাঠে অনুষ্ঠানস্থলে সমবেত হন। 

এসময় প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে শোভাযাত্রা ও ৩দিন ব্যাপী সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। 

এই সময় মারমা, চাকমা-তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, ত্রিপুরাসহ বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ এবং নিজ নিজ জাতিগোষ্ঠীর ব্যানার-ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ফুল পূজা ও নদীতে কাপড় ভাসিয়ে ‘বৈসু’ উৎসব শুরু

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়।

নতুন বছরকে বরণ এবং পুরাতন বছর বিদায়কে ঘিরে পার্বত্য এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিস্বত্বাসমূহ নিজস্ব সামাজিক ঐতিহ্য নিয়ে সমন্বিতভাবে সাংগ্রাই (বৈসাবি) উৎসব পালন করে থাকে। 


একাত্তর/এসজে