মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় আরোহী নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মোটরসাইকেলে মালবাহী ট্রলির ধাক্কায় আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী আনছার মল্লিক (৩২) মহিপুর থানার নিজামপুর গ্রামের কাদের মল্লিকের ছেলে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে আনছার কলাপাড়া শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনছার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, রোববার রাতের ওই দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন।


একাত্তর/জো