গাইবান্ধার পলাশবাড়ীতে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার বৃদ্ধা মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা কুলসুম বেগম (৭০) ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের স্ত্রী ও অভিযুক্ত আব্দুল কুদ্দুস (৪৫) তাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুদ্দুস মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। প্রায়ই তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে কলহ করতেন ও তাদের ওপর নির্যাতন চালাতেন। সকাল ১১টার দিকে কলহের এক পর্যায়ে কুদ্দুস তার মা কুলসুমকে গলাটিপে হত্যা করেন। পরে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুন: মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় আরোহী নিহত
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং এ ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
একাত্তর/জো