মুন্সীগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের ভেতর দুইজন নারী রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর মিডফোর্ড হাসপাতালে আহত একজনের মৃত্যু হয়েছে, আর গুরুতর আহত দশজনকে নেওয়া হয়েছে পঙ্গু হাসপাতালে।
তাৎক্ষণিকভাবে হতাহত সবার পরিচয় জানা যায়নি। নিহতদের একজনের পরিচয় নিশ্চিতভাবে জানা গেছে, তিনি শরীয়তপুরের আরিফ কাজী।
আহতদের সাথে কথা বলে জানা যায়, সকাল আটটায় কিছু পর শরিয়তপুর ট্রাভলস বাসটি ছেড়ে আসে এবং শ্রীনগরের ষোলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই বহু হতাহত হন। স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের কাজ করে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান–সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত আরও ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) মো. তোফায়েল সরকার বলেন, দুর্ঘটনায় সকাল ১০টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একাত্তর/এআর