নিখোঁজ বেকারি শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ এক বেকারি শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শ্রমিক জাহিদুল (১৬) ওই গ্রামের একলাছ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল চট্টগ্রামের একটি বিস্কুট বেকারিতে চাকুরী করেন। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। সোমবার সন্ধ্যা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা মঙ্গলবার সকালে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: গুলি করে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে নিহতের গলা, পেট, গোপনাঙ্গ, হাতের রগ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।


একাত্তর/জো