বগুড়ার শাহজাহানপুরে মুদি দোকানের বাকি টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে একদল তরুণের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোরের দিকে পূর্ব চকজোড়া গ্রামের এক নারীর মুদি দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়।
অভিযোগকারী ফেন্সী বেগম জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে একটি মুদি দোকান করেছিলেন। ওই এলাকার শাকিল, আরিফুল ও মুকুলসহ বেশ কয়েকজন মোটা অংকের পণ্য বাকি নিয়ে সেই টাকা দিতে তালবাহানা করতে থাকে। এভাবে কিছুদিন চলতে থাকলে এক পর্যায়ে তারা দোকানের মালিক ও তার ছেলেকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়াসহ বাড়িতে হামলা চালায়।
ফেন্সী বেগমের অভিযোগ, বৃহস্পতিবার ভোরের দিকে তার দোকানের টিনের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এলাকাবাসী বহু চেষ্টা করে সেই আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দোকানে থাকা নগদ টাকাসহ তিনটি ফ্রিজ ও মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে হত্যার দায়ে মা ও ভাই গ্রেপ্তার
এ ব্যাপারে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, এ ঘটনায় ফেন্সী বেগম থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে