গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির শ্রমিক-পথচারীসহ দগ্ধ ১৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউট বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তিরা হলেন- সবুর (৩৫), ফজলুল হক (৫২), আসলাম শিকদার (২৮), আব্দুল হক (৬০), সোহেল রানা (৩০), আল আমিন গাজী (৩৪), চান মিয়া (৫০), সাহাবুল ইসলাম (৩৫), হৃদয় (১৭), খোকন (৪৫) ও ফজলুল হক (৫১)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তিরা হলেন- তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।
হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা শরিফুল ইসলাম জানিয়েছেন, মণ্ডল গ্রুপের ওই ফ্যাক্টরির গ্যাস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লেগেছে বলে তিনি জানতে পেরেছেন।
আরও পড়ুন: ওয়াসার ড্রেন খুঁড়তে গিয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৯
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে।
কারখানার জিএম (অপারেশন) আমিনুল ইসলাম জানিয়েছেন, সাড়ে তিন হাজার শ্রমিক এই কারখানায় কাজ করলেও পুরো কারখানা মে দিবসের বন্ধ ছিল। তবে মঙ্গলবার কারখানায় একটি বিদেশি ক্রেতা প্রতিনিধি দল আসার কথা রয়েছে। সেই জন্য কারখানা ব্যবস্থাপনার জন্য নিরাপত্তা কর্মী, স্টাফ ও কিছু শ্রমিক কারখানায় অবস্থান করছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে অতিরিক্ত চাপ থাকায় বিস্ফোরণটি হয়েছে। আহত সবাই আশঙ্কামুক্ত। কারখানা থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই বিস্ফোরণে মূল কারখানার কোনো ক্ষতি হয়নি। যে রুমে বিস্ফোরণ হয়েছে তা মূল কারখানা থেকে আলাদা একটি এক ৯ তলা বিশিষ্ট ছোট রুম।
একাত্তর/এসি