বাড়ি ফেরা হলো না দাদা-দাদি ও তিন মাসের নাতির

তিন মাস আগেই রাশেদুলের ঘর আলো করেছে এসেছিল ছোট্ট রেজওয়ান। সিজারিয়ান মায়ের সেলাই খুলতে গাইবান্ধার সাঘাটা থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রওনা হয়েছিলো পরিবার সমেত। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি।

বগুড়ার মহাস্থানে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন নিহত। এসময় আহত হন আরও তিনজন। 

শনিবার সকাল ৮টায় জেলার মহাস্থানে করতোয়া ব্রিজের পাশে হাতীবান্ধা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দাদা আশরাফুল ইসলাম (৫০), দাদি পারুল বেগম (৫০) ও তাদের নাতী তিন মাসের শিশুর রেজওয়ান ৷ অটোরিকশার চালক হাসপাতালে ভর্তি আছেন ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ওই স্থানে স্থানে পৌঁছলে কুমিল্লা থেকে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ৷ তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো।

আরও পড়ুন: রাজধানীতে বাবা-মা-বোনকে হত্যা আরেক বোনের

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

 স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে বাস চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷ পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। 

একাত্তর/এসি