গাজীপুরের পূবাইলে একটি রিসোর্টের পুকুরে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে নগরের পূবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. হামিম হক (১৭) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর গ্রামের আজিজুল হকের ছেলে ও মো. রোমান (১৭) একই গ্রামের লিটন মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, টঙ্গীর পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকা থেকে ১০-১২ জন বন্ধুরা মিলে গাজীপুরের সাবরিনা ড্রীম রিসোর্ট এন্ড পার্কে যায়। দুপুরের দিকে হামিম ও রোমানসহ অনেকেই পার্কের পুকুরে গোসলের জন্য নামে।
কিছু সময় পর সাথে থাকা বন্ধুরা হামিম ও রোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুর থেকে হামিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতালে ও রোমানকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছাত্র বিজ্ঞানের, পরীক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে