ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ, দু'দিন পর মিললো মরদেহ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির সময়, জীবন বাঁচানোর জন্য পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়া গরু ব্যবসায়ী দুলাল পালের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের বাদলপুর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, দুলাল পাল রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে। 

দুলাল পালের ভাই অনুকুল পাল বলেন, মঙ্গলবার (২ মে) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে গরু-ছাগল ব্যবসায়ীরা দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হন। এসময় দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে স্পিডবোটে ছিল ১৫-২০ জনের মুখোশধারী ও মুখোশ ছাড়া প্যান্ট-লুঙ্গি পরা ডাকাত দল। তারা এসে সবাইকে মারধর করে এবং টাকা লুটপাট করে নিয়ে যায়। দুলাল পাল তিনটি গরু বিক্রির টাকা নিয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ-ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএম সিরাজুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এই ডাকাতির সাথে জড়িত সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে ডাকাতির নগদ ৩৪ লাখ ৬১ হাজার ৮৪২ টাকা উদ্ধার এবং তাদের ব্যবহৃত স্পীডবোট তল্লাশি করে দেশীয় আগ্নেয়াস্ত্র চারটি, গুলি ১১ রাউন্ড, কাটার একটি, ছেনী ছয়টি ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


একাত্তর/আরবিএস