কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝির উপর হামলা করতে এসে স্থানীয়দের সাথে সংঘর্ষে অজ্ঞাত এক রোহিঙ্গা ‘সন্ত্রাসী’র মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর জানান, ১৩ নাম্বার ক্যাম্পের জি-১ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেনের উপর হামলা করতে আসে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী।
এসময় স্থানীয়রা এগিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। স্থানীয়দের সাথে সংঘর্ষে অজ্ঞাত ওই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত
এছাড়াও সন্ত্রাসীদের গুলিতে সাবমাঝি সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
একাত্তর/এসজে