বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) বিকাল ৬টার দিকে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাইক্ষ্যংপাড়া এলাকার পাহাড়ে তল্লাশী চালানো হয়। এসময় অজ্ঞাত পরিচয়ের তিন পাহাড়ি যুবকের গুলিবিদ্ধ মরদেহ খুজেঁ পায় পুলিশ। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নতুন এক গ্যাসক্ষেত্র আবিস্কারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিকালে খবর পাওয়ার পর পাইক্ষ্যংপাড়াস্থ পাহাড়ে তল্লাশী চালেল গুলিবিদ্ধ তিন পাহাড়ি যুবকের লাশ দেখতে পায় পুলিশ। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের নাম পরিচয় পুলিশ এখনো পায়নি এবং কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে ওসি জানিয়েছেন।
একাত্তর/আরবিএস