ঝিনাইদহে একদিনে করোনা শনাক্তের হার ৫৩.৫৭ শতাংশ

ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯০ জন করোনায় আক্রান্ত ও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল জেলায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫৩.৫৭ শতাংশে। 

এদিকে শনিবার (১৯ জুন) থেকে সাতদিনের জন্য ছয় পৌরসভাতে কঠোর বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। এসময় বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। 

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, শনিবার (১৯ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজে ঝিনাইদহের ১৬৪টি নমুনা পাঠানো হয়, যার মধ্যে ৯০ জন করোনা শনাক্ত হয়। আর কোভিড হাসপাতালে ভর্তি ২৫ জনের মধ্যে চারজনের গতকাল (১৯ জুন) ও আজ রোববার (২০ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৯৬ জন, সুস্থ দুই হাজার ৮৫৪ জন ও মৃত্যু হয়েছে ৬৬ জনের। 

আরও পড়ুন: নাটোরে করোনা সনাক্তের রেকর্ড

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, শৈলকূপাতে ১৭ জন, হরিণাকুন্ডুতে ১১ জন, কালীগঞ্জে ১৮ জন, কোটচাঁদপুরে ছয়জন ও মহেশপুরে আটজন রয়েছে। 

চিকিৎসাধীন অবস্থায় যে চারজনের মৃত্যু হয়েছে তারা হলেন শহরের ব্যাপারীপাড়ার  কিরামত আলীর স্ত্রী খাদিজা বেগম (৭২), আরাপপুর এলাকার খন্দকার শাহ (৬৪), পাগলাকানাই এলাকার আমিনুল হক(৫৭) ও শৈলকূপার কাজীপাড়ার খলিলুর রহমানের ছেলে জিহাদ হোসেন(১৪)।  

মরদেহ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে দাফন করা হবে বলে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম নিশ্চিত করেছেন।  


একাত্তর/এসজে