নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা নাটোরে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী, শনিবার (১৯ জুন) ৪২৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩৩.৮০ শতাংশ। আর এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৭৪০ জন।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে উপসর্গসহ করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৭ জন।
আরও পড়ুন: ঝিনাইদহে একদিনে করোনা শনাক্তের হার ৫৩.৫৭ শতাংশ
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ (২০ জুন) ১২ তম দিন। প্রতিদিনের মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।
এছাড়া লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। স্বাস্থ্য বিভাগের দাবি, কাজের সন্ধানে তারা হাট বাজারে বেরিয়ে আসার কারণে সংক্রমণ বাড়ছে।
একাত্তর/এসজে