ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা ও নবজাতক নিহত, আহত ছয়

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

বুধবার বেলা ২টা ৪০ মিনিটে মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়লে মা ও শিশুকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। 

এসময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সের সাথে একটি তেলবাহী ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা আড়াইটার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: চনপাড়া বস্তিতে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫

তিনি জানান, এতে ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। আহত হন অ্যাম্বুলেন্সের চালকসহ আরও পাঁচজন। 

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকাত হোসেন জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


একাত্তর/এসজে