লোহাগড়ায় চুরির বিচার নিয়ে সংঘর্ষে আহত ২০

নড়াইলের লোহাগড়ায় চুরির ঘটনার বিচার করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাপুলিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য নজরুল মোল্যা ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার মধ্যে ইউপি নির্বাচনসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ পরিস্থিতিতে সম্প্রতি ওই গ্রামের ইলিয়াস মোল্যার ঘরে চুরি করতে গিয়ে ইউপি সদস্য নজরুল মোল্যার ছেলে কিশোর রবিউল হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় নজরুল মোল্যা ছেলেকে শাসন করতে গেলে ইব্রাহিম মোল্যার পক্ষের রহমানের ছেলে সুজনও জড়িত বলে রবিউল বাবার নিকট স্বীকারোক্তি দেয়। 

পুলিশ জানায়, রবিউলের তথ্য অনুযায়ী নজরুল মেম্বার পরে সুজনকে শাসন করতে গেলে নজরুলের প্রতিপক্ষের লোকজন সুজনকে নির্দোষ দাবি করে এবং এর প্রতিবাদ করে। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষে অন্তত ২০জন আহত হয়।

আরও পড়ুন: শেরপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো