মারা গেলেন স্বামীর আগুনে দগ্ধ হ্যাপি

নিলুফা ইয়াসমিন হ্যাপির শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী রনি সর্দার। এরপর তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন হ্যাপি। 

শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী ওই তরুণীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। বাবার নাম আব্দুল লতিফ। রনির সঙ্গে হ্যাপির বিয়ে হয় ২০১৯ সালে। 

নিহতের ভাই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তার বোন স্বামীর সঙ্গে থাকতেন পাবনার ঈশ্বরদীতে। সম্পর্কের বনিবনা না হওয়ায় হ্যাপির শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় রনি সর্দার। 

শরীরের ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় বুধবার ঢাকায় এনে ভর্তি করা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানেই মৃত্যু হয় হ্যাপির। 

রনি সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিহতের ভাই জানিয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/আরবি