আগে পেটে ভাত, পরে উন্নয়ন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে রক্ষা করতে হলে এই লুটেরা সরকারকে বিদায় করতে হবে। মানুষের পেটে ক্ষুধা রেখে দুটো ব্রিজ করলে উন্নয়ন হয় না। আগে পেটের ভাত তারপর উন্নয়ন। যে উন্নয়নের চেয়ে বেশি নিজের পকেটের উন্নয়ন হয় সেই উন্নয়ন আমাদের প্রয়োজন নেই। 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সম্মান জানিয়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবার আগে ছিল জামায়াতের। কিন্তু শুনতে পাচ্ছি- তারা নাকি এখন আপোস করছে।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া চাইলে আজ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শত শত মানুষ গুম, হত্যা করেছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

তিনি বলেন, অন্য দেশে ব্রিজ করতে ছয়-সাত হাজার ডলার লাগে। আমার দেশে লাগে ৩০ হাজার ডলার। এটা কী মগের মুল্লুক নাকি। পানির দাম, গ্যাস, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আমার নেত্রী কী দেশ চালায়নি! ভর্তুকি দেয়নি! তখন কী দাম বেড়েছিল? বাড়েনি। 

আওয়ামী লীগের ‘খেলা হবে’ এমন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আপনাদের এইসব খেলায় অংশগ্রহণ করবো না। খেলা তো শুরু হয়ে গেছে। আমরা আপনাদের সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাই না। 

তিনি আরও বলেন, এখনও সময় আছে মানুষের মুখের ভাষা বুঝতে চেষ্টা করুন। নয়তো পরে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। 

নারায়ণগঞ্জের জাকির খান নামে বন্দি এক নেতার মুক্তির দাবি করে তিনি বলেন, আমরা জেল থেকে তাদের মুক্ত করবো। 

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক ছাড়া কোনো প্রক্রিয়া মানবো না: ফখরুল

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, কাজী মনিরুজ্জামান, জেলা সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ প্রমুখ।


একাত্তর/এসি