ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার চার

পিরোজপুরের নেছারাবাদে ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে নে়ছারাবাদ থানা পুলিশ। 

এজাহার সূত্রে জানা গেছে, ৪ জুন সন্ধ্যায় উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের আব্দুর রহমান প্রাইভেট হাসপাতালে ভর্তি হন নাজিরপুর থানার খলনি গ্রামের নুর আলম শেখের স্ত্রী কলি। অপারেশন থিয়েটারে ওই প্রসূতিকে এনেসথেসিয়া দেয়ার সময় তিনি মারা যান। 

এ ঘটনায় ৪ জুন দিবগত রাত বারোটা পনের মিনিটে ৩০৪-ক/ ৩৪ ধারায় মৃতার স্বামী নূরে আলম শেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। এজাহারে ডা: মানবিক সরকার, ডা: আসাদ জামান, শেখ রিয়াজ উদ্দিন, সেবিকা-শরীফা, সানজিদা, ইয়াসমিন ও হিসাবরক্ষক উম্মে সায়মার নাম উল্লেখ করে হাসপাতালটির অন্য সকল স্টাফদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কিন্তু হাসপাতালের পরিচালকসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার পর সন্ধ্যা থেকে নেছারাবাদ থানার পুলিশ ও রাত নয়টায় ওসি (তদন্ত) এই হাসপাতালের মালিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে ডা: মানবিক, হিসাবরক্ষক সায়েমাসহ চার জনে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

মামলার ব্যপারে বাদি নূরে আলম শেখ বলেন, আসামিদের নাম ঠিকানা সংগ্রহ থেকে মামলা দায়েরে সকল কাজে নেছারাবাদ থানা পুলিশ সহায়তা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এজাহারে না থাকার বিষয়ে তিনি জনান, তাদের নাম আমি দিয়েছি এজাহারে তারা কেন দেয়নি জননিনা। 

আরও পড়ুন: কয়লা সঙ্কটে পুরো বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

গ্রেপ্তারের আগে ৪ জুন ঘটনাস্থলে থাকা অবস্থায় ডা: মানবিক বলেন, রোগীকে এনেসথেসিয়া দেয়ার শুরুতেই রোগীর অবস্থার অবনতি হয়। আমরা তাকে বরিশালে রেফার করি। সার্জন আসাদ স্যার রোগীকে দেখার আগেই অবস্থার অবনতি হয়েছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, ওই রোগী আমাদের কাছে আসার আগেই মারা গেছে।

নেছারাবাদ থানা ইনচার্জ জানান, মৃতের স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আমরা এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছি।


একাত্তর/আরবিএস