দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ডামাডোলের মধ্যে কক্সবাজার সদর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায়ও অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। যথারীতি নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সোমবার সকাল থেকে কক্সবাজার পৌরসভার ৪৩টি কেন্দ্রের ২৪৫টি ভোটকক্ষে ভোট শুরু হয়। কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাসহ চার শতাধিক কর্মকর্তা ভোটের দায়িত্ব পালন করছেন।
প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীসহ ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, রোববার সন্ধ্যার আগেই সব কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে চারজন পুলিশসহ পুরুষ ও নারী আনসার বাহিনীর ১৩ সদস্য, ১২টি ওয়ার্ডে পুলিশের ১২টি টহল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার আজকের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. সুন্দর আল, স্বতন্ত্র মেয়র প্রার্থী আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মেহের আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মামুন অর রশিদ এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মো. হাবিবুর রহমান রয়েছেন দৌড়ে।
এছাড়াও তিনটি সংরক্ষিত আসনে ১০ জন এবং ৯টি সাধারণ আসনে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী আছেন।
আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৪৫ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৩৯৭ জন। পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন। ১১টি ভোটকেন্দ্রের ৭২টি বুথে ইভিএমে ভোট প্রদান করবেন ভোটাররা।
আরও পড়ুন: বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে
এবারের নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর নির্বাচন কর্মকর্তা রবিউল আলম রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার পৌর এলাকার ১১টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ধরে কাজ করা হচ্ছে।
একাত্তর/এসজে