নারায়ণগঞ্জে দগ্ধদের আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুলি বেগম (৪০) নামের ওই নারীর মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় ওই নারীর স্বামী সালাম মণ্ডলের (৫৫) মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় আছেন- সোনিয়া আক্তার (২৭), পুতুল (২৫) ও মেহেজাবিন (৭)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, নিহত বুলবুলি বেগমের শরীরের ২৫% শতাংশ দগ্ধ হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধদের বাড়ি ফতুল্লার কাশিপুর এলাকায়। ঘটনার দিন রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বাসার সবার শরীরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

আরও পড়ুন: ডেঙ্গুতে এক মৃত্যু, নতুন করে হাসপাতালে ২১১ রোগী

বার্ন ইনস্টিটিউটের সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সোনিয়ার শরীরের ৪০ শতাংশ, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।


একাত্তর/আরএ