সিলেট সিটি নির্বাচনের প্রতিপক্ষ যেন বৃষ্টি!

সব প্রস্তুতি ঠিকঠাক থাকার পরও সিটি নির্বাচনের আগের দিন বৃষ্টিতে নাকাল সিলেট। নির্বাচনী সামগ্রী বিতরণ ও পরিবহনেও দেখা দিয়েছে ধীরগতি। টানা বৃষ্টিতে কোনো কেন্দ্রে পানি উঠলে বিকল্প ব্যবস্থায় ভোট নেয়া হবে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোটের দিন বিশৃঙ্খলার শঙ্কা নেই বলে জানিয়েছেন, পুলিশ কমিশনার। 

যেই মাঠজুড়ে সকাল থেকে কর্মব্যস্ততা আর সরঞ্জাম বুঝে নেওয়ার হুড়োহুড়ি, সেখানে এখন ঝুম বৃষ্টির অলসতা। তবে মাথায় ছাতা জুটুক বা না জুটুক, পেশার দায়িত্বে ছোট বড় সব কর্মকর্তার অটল দৃঢ়তা।

প্রধান রির্টার্নিং কর্মকর্তা হিসাবে নির্বাচনের পুরো দায় যার কাঁধে সেই ফয়সল কাদের প্রকৃতিকে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। তবে আগাম প্রস্তুতি আর সহকর্মীদের সহযোগিতার সুবিধায় তিনি উতরে যাবেন বলে প্রত্যয় জানালেন।

ফয়সল কাদের বলেন, 'বৃষ্টির কারণে ভোটের ওপর কিছুটা প্রভাব পড়তেই পারে, কারণ এমন আবহাওয়া থাকলে ভোটাররা বৃষ্টির মধ্যে কতটুকু আসবেন তা এখনই বলা সম্ভব নয়। কালকের ভেতর যদি আবহাওয়া একটু ভাল হয় সেক্ষেত্রে আশা করা যায় ভোটাররা কেন্দ্রে আসবেন। তাছাড়া প্রার্থীরাও নিশ্চয়ই ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন।' 

১৯০ কেন্দ্রে প্রায় ৫ লাখ ভোটার ভোট দেবেন ইভিএমে। মেয়র পদে আছেন ৮ জন আর ৩৫৯ জন কাউন্সিলর প্রার্থী। নতুন ১৫টি শহরতলীর ওয়ার্ডে প্রথমবারের মতো এসেছে সিটি নির্বাচনের আওতায়, তাই সবার সতর্ক নজরও সেইদিকে। 

গোপন বুথ বাদে ১৩২ বিশেষ কেন্দ্রসহ সব কেন্দ্র থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার পর্যবেক্ষণে। 

বিজিবি র‍্যাবের স্ট্রাইকিং ফোর্সের টহল, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি, আর সব কেন্দ্রে পুলিশ–আনসার কাজ করছে নির্বাচনের শান্তি বজায় রাখার দায়িত্বে। 

কঠোর হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না বলে আশা সিলেট পুলিশ কমিশনারের। তিনি বলেন, 'নগরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই- আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিন। ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পর যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে আমরা সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি।'

নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলের মধ্যে হবে মূল ভোট যুদ্ধ। এই নির্বাচনে নেই বিএনপি। তবে দলের সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৩ জন। যাদের বিএনপি থেকে বহিস্কার করেছে দলটি।


একাত্তর/এআর