মুন্সীগঞ্জে ডিস ব্যবসায়ী হত্যায় আটজনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার ডিস ব্যবসায়ী সোহেল হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। 

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কামাল মোল্লা, জালাল মোল্লা, বিল্লাল মোল্লা, হারুন মোল্লা, মহসিন মোল্লা, আমির হোসেন, জাকির হোসেন ও জাবের হোসেন। তাদের মধ্যে আমির হোসেন, জাকির হোসেন ও জাবের হোসেন পলাতক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম সোহেল প্রধান (২৬) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টেংগারচর গ্রামের নাছির উদ্দিন প্রধানের বড় ছেলে। ২০১৭ সালের ৫ মে রাত ৯ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে সোহেলকে হত্যার উদ্দেশ্যে ঢাকার মিরপুর ১ নম্বর গোল চত্বর থেকে অপহরণ করে। এসময় তারা সোহেলকে গামছা দিয়ে মুখ বেধে একটি সাদা গাড়িতে করে টেংগারচর গ্রামের আসামি কামাল মোল্লার বাড়ির সামনে নিয়ে যায়। 

অভিযোগে উল্লেখ, এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশের ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে লোহার হাতুড়ী, লোহার চোকা রড ও লোহার পাইপ দিয়ে উপর্যুপরি আঘাত করে। সোহেল মরে গেছে ভেবে টেংগারচর থেকে আসামিরা সোহেলকে সিএনজিতে করে মেঘনা নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পথে টহল পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে গুরুতর আহত সোহেলকে জামালদি ব্র্যাক অফিসের পাশে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

টহল পুলিশ আহত সোহেলকে উদ্ধার করে গজারিয়া (ভবেরচর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সোহেলের উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সোহেল তার ভাই ও স্বজনদেরকে আসামিদের নাম ও ঘটনা বলে যান। 

এ ঘটনায় সোহেলের মা সুফিয়া বেগম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


একাত্তর/জো